কি ছু ব লা ক থা
কি ছু ব লা ক থা
আস্থা!
কার উপর!
জানিনা বলে নিজেকে বড় আর্ত লাগে।অভিমানেরও এমন কোন জ্বর নেই যে সবকিছু পোড়াতে পারে।দ্রোহেরও কী আছে !
বড্ড,বড্ড একা লাগে প্রিয় মাধবীলতা।এসো, শ্রাবন সন্ধ্যা থেকে খুঁটে খুঁটে জড়ো করি শূন্যতা
যদি কখনও 'থিয়োরি অব রিলেটিভিটি' দেখিয়ে দেয় পথ…
∆∆
দেখতে দেখতে আপনাদের প্রিয় 'নৌবত' ব্লগজিন পত্রিকার দ্বাদশ সংখ্যা প্রকাশিত হলো।অথচ, শুরুতে ভাবতে পারিনি পর পর এতগুলো সংখ্যা প্রকাশ করা সম্ভব হবে।আসলে,একটা দ্বিধা, একটা সংশয়--আদৌ কী পাঠক পড়বে ব্লগজিন? কারণ, সময়ের ঘুর্ণি ও সভ্যতার বিকাশে ব্লগজিন বা অনলাইন পত্রিকার সমাহার বাড়লেও মুদ্রিত পত্রিকার প্রতি একটা বড় অংশের লেখক-পাঠকদের গভীর আস্থা এখনও চির উজ্জ্বল।হয়তো, সেটাই স্বাভাবিক। তা বলে, অনলাইন পত্রিকার প্রতি উন্নাসিকতা কখনো কি সমর্থন করা যায়? আসলে,এই ভয়ঙ্কর প্রযুক্তি নির্ভর সময়েও তেমন ভাবনার যাঁরা শরিক তাঁদের ভাবনায় কোথাও যেন একধরনের মৌলবাদ ছুঁয়ে আছে বলে মনে হয়।আশাকরি,একটা সময়ে তাঁরা এইরকম ভাবনা থেকে নিজেদের মুক্ত করে খোলা মনে সব কিছু গ্রহণ করতে সক্ষম হবেন।ভাবতে পারবেন, বর্তমানে মুদ্রণের পাশাপাশি এই বৃহৎ বিশ্বে ব্লগজিন বা অনলাইন পত্রিকার গুরুত্ব ও সমাদর কোনো অংশে কম নয়।বরং,বলা যায় কোথাও কোথাও তুলনামূলকভাবে বেশ বেশি।
যাইহোক, সময় যত এগিয়েছে ততই দেখা গেছে 'নৌবত' পত্রিকার কদর বেড়েছে লেখক- পাঠকদের কাছে।আদায় করে নিতে পেরেছে সকলের ভালবাসা ও সমীহ।সুতরাং বলতে দ্বিধা নেই,পত্রিকাটি আজ অধিকাংশ পাঠকদের কাছে ব্লগজিন পত্রিকার জগতে অনন্য।
সেই প্রবহমানতাকে ধরে রাখতে সম্পাদক হিসেবে আমিও চেষ্টা করে চলেছি পত্রিকার পাতায় পাতায় নতুনত্ব আনতে। অবশ্য, এই কাজটি সর্বাঙ্গ সুন্দর করতে সবসময় সহযোগিতা পেয়ে এসেছি আপনাদের।পেয়েছি বহু বন্ধুর আন্তরিক পরামর্শ। পাশাপাশি,পত্রিকা সম্পাদনা করতে গিয়ে দু'বাংলার বহু নতুন নতুন কবি বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়েছে।সেই সঙ্গে অগ্রজ প্রিয় কবিদের সাহচর্য আমাকে সমৃদ্ধ করেছে। আশাকরি, আপনাদের সম্মিলিত সহযোগিতায় গুণ মানে 'নৌবত' আগামীতে তার ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।
∆∆
এই আবহেও বহু প্রিয়-গুণী মানুষকে হারিয়ে চলেছি।তবে কবি প্রবুদ্ধ সুন্দর কর-এর এমন আকস্মিক মৃত্যু বড় বেদনার। সমবেদনা জানাই তাঁর পরিবারকে ।
সকলে ভালো থাকুন এই প্রার্থনায়….

Comments
Post a Comment