ক বি সু জি ত রে জ
সুজিত রেজ
জন্ম:- ২১ ফেব্রুয়ারি ১৯৬৯,নূতনগ্রাম, বর্ধমান।অ্যাসোসিয়েট প্রফেসর, বাংলা বিভাগ,বিজয়নারায়ণ মহাবিদ্যালয়,ইটাচুনা, হুগলি।প্রকাশিত গ্রন্থ :শ্রুতিসাহিত্য speech and meaning, বহুরৈখিক,শিক্ষা : দুর্গতি ও প্রগতি,গর্বিত আধবুড়োর উদ্ধত এই গয়না, মেদহীন উদরের নাভি, বাস্তুসাপের খোলস, চলনবিলের নৈর্ঋত কোণে, সুতো জড়ানো সেতু।
দুটি কবিতায়
কবি সুজিত রেজ
দীপ্যমান
এতদিনে অবশ্যই তুমি সেখানে পৌঁছে গেছো?
নিশ্চয় একটা বাসযোগ্য আস্তানা খুঁজে পেয়েছ?
একটি নদী---তিনডুব---
আর কবিতার হাওয়ায় ভেসে যাওয়া সেই জানালানৌকা---
যারা অমলিন জ্যোৎস্নার দিকে ভেসে যায়, ফেরে না আর।
ভালোবাসার পাখিগুলি ডেকে ওঠে
একতারা-ভোরে।
রাতজাগা দুই চোখ চন্দ্রভুক নিশুতির মতো অন্যমনস্ক হয়ে যায় তোমার।
তখনও তুমি লিখে চলেছ শীত-গ্রীষ্মের চিঠি।
সনাতন দূরত্ব-সম্পর্কিত কথা :
দূরত্ব বিপ্রলম্ভের গৌরগৌরব যমজ বেদনা।
দূরত্ব থাকুক তোমার সঙ্গে আমার
এই চাঁদ আর এই পৃথিবীর।
শূন্যের মৃত্যু হয় পূর্ণের জন্যই।
শিষ্টাচার
তৃতীয় নয়ন ছিল না এত ভস্ম এল কোথা থেকে
কোথা থেকে এল এই অশরীরী আগুনবাতাস
ভেলাঘর পুড়ে যায় স্বর্ণকমল সলিলে
সবকিছু ফিরে আসে জোয়ারে, অহঙ্কারও
টুপ করে খসে পড়ে বাঘ রঙা হেতাল বল্কল
মাঝেমধ্যে মনে হয় এইসব তিন পয়সার পালা
আর্তনাদ শুনি এক বায়বীয় বাঁকুড়া ঘোড়ার
তখন প্রেমিক ছিলাম এখন আত্মপ্রতারক
সবুজ টিয়ার ঠোঁটে প্রশ্নচিহ্ন নিরুত্তর
প্রতিভাকে তুলে ধরে পাপেটদক্ষ সিসিফাস
আগ্রহের উজ্জীবন ধারণক্ষমতা অনাচার
ৎ-এর মতন পুচ্ছ নড়ে দৈব হুলাহুলি
সংশয়ী আঙুল ঘষে গান্ধির চশমা মুছি
প্রোফাইল রোদ্দুরনৃত্য স্বচ্ছ মহাহা-ভারত
গোয়ালপাড়ায় ঠায় দাঁড়িয়ে মহাপ্রস্থান কুকুর
মুগ্ধ লালারসে সিক্ত অচিরার নটনিকেতন
মুষ্টিবদ্ধে ভীষ্ম ভাঙে বেলজিয়াম গ্লাসওয়াল
জৈবসার টুইটার ফেসিয়াল নেটিজেন
দোহার পাসওয়ার্ড কণ্ঠে আকরিক লোভ
মৎসমদির চঞ্চল ভেজাইনা তন্বী ছিপ


Comments
Post a Comment