ক বি প্রা ণ জি ব সা ক
প্রাণ জি বসাক
পেশায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক ও নেশায় কবি। হিন্দি বলয়ে বাংলা ভাষার কবি। কবিতাই একমাত্র জীবনের ওষধি, একথায় বিশ্বাসী। স্কুল ও কলেজ জীবন কেটেছে উত্তরবঙ্গের তুফানগঞ্জ তথা কোচবিহার শহরে। চাকরিসূত্রে দিল্লিবাসী প্রায় একচল্লিশ বছর। আইআইটি দিল্লির ক্যাম্পাসে এবং আশেপাশে কাটালেন দীর্ঘ জীবন। কবিতা আড্ডা জমে ওঠে এখান থেকেই। বাংলা কবিতা নিয়ে বহুবার বাংলাদেশ এবং দুবার ইউরোপ ভ্রমণ করেছেন। সম্পাদনা করেছেন -১) দিল্লি হাটার্স কবিতা সংকলন ২) দিল্লির নির্বাচিত বাংলা কবিতা।আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, বনানী পুরস্কার, ভারত- বাংলাদেশ সাহিত্য সংহতি পুরস্কার, শৃন্বন্তু সারস্বত সম্মান, উত্তর বাংলা পদক, তিনবাংলা সম্মাননা, খড়গপুর বইমেলা সম্মাননা ২০২২ উল্লেখযোগ্য।তাঁর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা ২১ টি।
দুটি কবিতায়
কবি প্রাণ জি বসাক
রূপবৃত্তে
মাঝপথে কেউ এসে বলে গেল
রূপের এতো খোঁজাখুঁজি কেন
সাদাকালো খবরের কি রূপবান
ব্যাখ্যা দিতে পারে কেউ নিরন্তর
হালকাফুলকা খবর নিয়ে দাঁড়ায়
হেমন্তমোড়ের ভবাপাগলা যখনই
দৌড়ে আসে শহরের চপল প্রহর
বাজে কথারা নেতাদের মুখে মুখে
পাল্লা দিয়ে লড়ে যাও বাস্তবের রূপ
জীবনে যৌবন তুফান ছিলো সময়ে
কেউ এসে বলে গেল রূপরঙবাহার
ঝালমুড়ির ঠোঙা যেমন তুমি তেমন
বৃত্ত বৃত্তান্তের খেলায় সরলরেখা শুধু
মুখোমুখি ভবিষ্যতের গোলাবারুদ যে
রসদের ভান্ডে ভন্ডামি খোলাখুলিভাবে
রূপের খাঁজে রূপকথার ওলট-পালট
পাঠশালা
এভাবেও প্রশ্ন হতে পারে —
ভাঙতে পারো তো ভেঙে দেখাও
শরীর থেকে দেহ ভেঙে বের করো
জনারন্য থেকে নিজেকে একা করে দেখাও
বন্ধুত্ব ভেঙে তলে তলে শত্রু করে তোলো
স্মৃতির ওড়াউড়ি ভেঙে বর্তমান ঢেউ অলগ্ন করো
গভীর শূন্যতার বেড়াজাল থেকে
নিজেকে ভাসাও সমুদ্রের কোলে
শরীরের নোনাঘাম অনন্ত ফেনাময় ভাসানে ভাসাও
প্রতিদিন একটু একটু করে একা হয়ে ওঠো একান্তে


Comments
Post a Comment