ক বি ফ টি ক চৌ ধু রী


ফটিক চৌধুরী

জন্ম:-২০ মার্চ,১৯৫৩।বিজ্ঞান ও আইনে স্নাতক।রাজ্য সরকারের চাকরি থেকে অবসরের পর কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েসনের মেম্বার। বর্তমানে ট্যাক্স কনসালটেন্ট।

সত্তরের দশকের প্রথম থেকেই লেখালেখি শুরু।

কাব্যগ্রন্থ:- নির্মেদ আলোর বারান্দা, নিবিড় দাঁড়িয়ে থাকে, নির্ঘুম রাতের ইশারা, অমিত মুগ্ধতার কাছে, অনেকদিন দুঃখিত হইনি।


দুটি কবিতায়

কবি ফটিক চৌধুরী

সংগীত


যে পাখি গেয়ে যায় অপৃর্ব সংগীত

সকালেই শুনি তার উচ্চারিত ধ্বনি

এইমাত্র গেয়ে গেল যেন আগমনী

সৃষ্টির ওপারে কেউ গড়ে দেয় ভিত।


এই যে মাধুর্যটুকু ধরে রাখি বুকে

জারিত হয়ে সারাদিন ষ্পন্দিত হয়

বিভোর থাকি পবিত্রতার স্বর্গসুখে

জীবনের এটুকুই অমোঘ সঞ্চয়।


সংগীত মুছে দেয় সবকিছু ক্ষত

জ্বেলে দেয় মনের গভীরে কিছু আলো

মলিন-বিষাদছায়া দূর করে যত

প্রতিটি প্রভাত যেন হয় জমকালো।


প্রতিটি প্রভাত তাই পাখি-কলতানে

অপূর্ব সংগীত পাখিই ডেকে আনে।


চুপকথা


ঝড় উঠবে বলে আকাশ আছে চুপ

বাতাসও তার সাথে আছে হাত ধরে

লন্ডভন্ড হবেই বুঝি বৈশাখী ঝড়ে

প্রকৃতি দেখাবে তার ভয়ঙ্কর রূপ।


মনে ঝড় উঠলে পাই কি পূর্বাভাস

নইলে খারাপ হতে থাকে কেন মন

মনেরও বিচিত্র গতি জানে ক'জন

শরীর, মন, পরস্পর দাসানুদাস।


ঝড়ের পরও আমেজ চুপকথার

ঝড়ের পরও শান্ত থাকে চারিদিক

যেন সময় হয়ে এল রূপকথার

চারিদিক জ্বলে ওঠে আলো, ঝিকমিক।


মন নিজেই জ্বলে, জ্বলে যেভাবে ধূপ

চুপকথা রূপকথা যেন অপরূপ।


Comments

Popular posts from this blog

ক বি সু জি ত রে জ

ক বি প্রা ণ জি ব সা ক