আবু রাইহান
জন্ম:-পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সরবেড়িয়া গ্রামে 1970 সালে! বর্তমানে কর্মসূত্রে বন্দর শিল্পনগরী হলদিয়ার বাসিন্দা! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় এম এসসি এবং মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বায়োটেকনো- লজিতে এম.টেক!পেশায় হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিগ্রী ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র আধিকারিক ও অধ্যাপক !কলকাতা থেকে প্রকাশিত দৈনিক প্রভাতী সংবাদপত্র ‘দিনদর্পণ’ পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর(সাহিত্য সম্পাদক)! ‘হলদিয়া সাহিত্য সংসদ’ এর সম্পাদক! ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘প্রমিতাক্ষর’ এর যুগ্ম সম্পাদক ! নব্বইয়ের দশকের কবি! প্রবন্ধ, ছোটগল্প লেখায় তাঁর কলম সমান পারদর্শী।
এখনো পর্যন্ত ‘নিষিক্ত ভালবাসা’ ও ‘সংকেতময় বিস্ময়’ নামে দুটি কাব্যগ্রন্থ এবং ‘বাংলা কাব্য-সাহিত্যে ইসলামিক সংস্কৃতি ও সমাজ’ নামে একটি প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে!
২০১৫ সালে পেয়েছেন ‘নিষিক্ত ভালোবাসা’ কাব্যগ্রন্থের জন্য ‘কুসুমের ফেরা’ সাহিত্য পত্রিকার ‘কবি জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার’ ২০১৭ সালে কবিতা চর্চার জন্য পেয়েছেন ‘টার্মিনাস’ সাহিত্য পত্রিকার ‘সেরা কবির পুরস্কার’!‘বঙ্গ প্রদেশ’ পত্রিকার পক্ষ থেকে সাহিত্য চর্চার জন্য ২০১৮ সালে পেয়েছেন ‘বঙ্গরত্ন সাহিত্য পুরস্কার’! ২০১৯ সালে পেয়েছেন বাংলাদেশ ঢাকার গাজীপুরে কবি সাযযাদ কাদির স্মৃতি সম্মাননা ২০১৯!২০২০ সালে পেয়েছেন বাংলাদেশের ‘রবীন্দ্র-নজরুল ফাউন্ডেশন’ এর ‘সংহতি সম্মাননা’!
দুটি কবিতায়
কবি আবু রাইহান
জলজ ছায়া
যাপিত জীবনকে ক্ষতবিক্ষত করেছে
স্বপ্নভঙ্গের প্রবল অভিঘাত
চারপাশে আপাত নৈর্ব্যক্তিকতার আড়াল
তবুও হায় বিড়ম্বিত শিল্পিত জীবনের সংঘাত
আমি সেই সৌভাগ্যবান প্রেমিক-যে জেনেছে
তোমার দগ্ধ নীল ডানার মধ্যে লুকানো আছে
আদিগন্ত বিস্তৃত অলৌকিক এক মায়া...
নিজস্ব শূন্যতাকে ঢেকে রাখো
নানান রঙে প্রতিবিম্বিত ক্যানভাসে
রাত্রি নিবিড় হলে অপ্রাপ্তির সব দহন
মুছে ফেলো দিগন্তলীন নীলিমার আশ্লেষে
তুমি তো জেনেছো আপাত সুস্থির
এই জীবনে আনন্দ কোথায়
তোমার নিঃসঙ্গ আত্মা তো গুঞ্জরিত হয়
নদীর জলজ ছায়ায় !
নিজস্ব ভাবনার নিঃসঙ্গতা
নিবিড় বাহু বিন্যাসে সান্নিধ্যের মায়াময় দৃশ্যকল্প
অকারণ মনে হয়
আমার অনুভূতি গুলো আজও তোমার কান্নাকে ছুঁতে পারে না
এই নিঃসঙ্গতা আসলে প্রেমিকের নয়,
একাকী মানুষের নিজস্ব ভাবনার নিঃসঙ্গতা
যা দয়িতার তীব্র আসঙ্গ লিপ্সার বৃষ্টিতেও ভেজে না .....
অথচ একদা তুমিই ছিলে এ হৃদয়ের, কাঙ্খিত নর্মসহচরী
পরিচিত বিছানায় নির্ঘুম রাত্রিতে
সেই তোমাকেই তো এখনও খোঁজ করি...
তবুও কেন যে ব্যর্থ মনে হয় জ্যোৎস্না মথিত রাতের নিবিড় সব সুখ
মহাজাগতিক এক প্রাপ্তির আশায় এহৃদয় এখন,সদাই থাকে উন্মুখ।
উৎসবের আলো মুছে গেলে,এই জৈবিকদেহ জুড়ে প্রবল ক্রোধ
তখন এক অপার্থিব স্পর্শের অনুভূতি,জাগিয়ে তোলে বিশুদ্ধ বোধ।
Comments
Post a Comment