ক বি রু দ্র ভা নু
রুদ্রভানু (আ:নাম:-তাপস কুমার মন্ডল)
জন্ম:-১লা সেপ্টেম্বর, ১৯৬৯। উত্তর চব্বিশ পরগনা জেলার, বনগাঁ মহকুমার অন্তর্গত, গোপালনগর থানা এলাকার চর-চালকি গ্রামে।পেশা : শিক্ষকতা। আবৃত্তি, নাটক, শ্রুতিনাটক বহু মঞ্চে উপস্থাপন ও অভিনয় করেছেন।বেশ কয়েকটি নাটকের নির্দেশনা ও সম্পাদনা করেছেন। মুলত কবি।এ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি,"পলাশ ভাঙন", "অভিমান সংবাদ", "কলমী কথা"। প্রকাশের পথে "চলো যাই, ধ্রুপদী নগরে" । বর্তমানে "খেয়া৯ একটি সাহিত্য পত্র" এর সম্পাদক।
দুটি কবিতায়
কবি রুদ্র ভানু
একটা আশ্চর্য আলো
সব কিছু উড়িয়ে দেওয়ার পর একটা আশ্চর্য
আলো ভেঙে পড়ল, যে আলো নিভে যাচ্ছে ক্রমশ-
ক্রমশ বাড়ছে ভাঙ্গার শব্দ... আর স্থল-চমক,
ভেসে যাচ্ছে মিথ্যে প্রতিশ্রুতিতে ঝরণা আবেগ
কেউ কেউ এই ভেঙে যাওয়া উপভোগ করছে
কেউ কেউ অযাচিত আনন্দ উল্লাসে ফেটে পড়ছে
শব্দের ফাঁকে কেউ খুঁজে চলেছে অবিরাম -
সমাপতিত জীবন আর নিশ্চিন্ত আশ্রয়...
কিন্তু উপহাসে, পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে
নিসিক্ত ভ্রমরের বিদ্রুপাত্মক আস্ফালন...
অব্যক্ত অভিব্যক্তি
মেঘ আর মানুষের মাথা সমান্তরাল এখন
নিচে চাপা পড়ে আছে অচ্ছূত অভিব্যক্তি
অর্থাৎ সমতল থেকে এই পাহাড়ী উপত্যকা
যদি একটা অখণ্ড শরীর হয়, তারই বিবরণ
পৃথিবীর সমস্ত ভূখন্ড, ক্ষুদ্র-বৃহত্তরের চিহ্ন
অঙ্গে ধারণ করে রেখেছে, মানুষের ভাবে...
আমরা বড়ো হীন-উচ্চারণে জিভ বের করেছি
শুধু অধিকার আর আবদার সামলে একটা টিলা
পার হতে গিয়ে হোঁচট খেয়ে খাদে পড়ে যাই
কিন্তু ভাবিনি কখনও ধরণীতে নিজের অবস্থান
পাতালে কিম্বা স্বর্গীয় কাননে অথবা পাথরের
নানা উঁচু-নিচু খাদে আটকে ফেলেছি শুদ্ধ যাপন -


Comments
Post a Comment