ক বি মা হ মু দ কা মা ল
কবি মাহমুদ কামাল
জন্ম:-২৩ অক্টোবর, ১৯৫৭।টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায়। বর্তমানে বসবাস পূর্ব
আদালত পাড়া, টাঙ্গাইল- ১৯০০। বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান সহ স্নাতকোত্তর। পেশা-অধ্যাপনা।বহু গুরুত্বপূর্ণ সংগঠনের সংগে যুক্ত। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার ও টাঙ্গাইল সাহিত্য সংসদের সম্পাদক। টাঙ্গাইল কবিতা উৎসবের অন্যতম পদাধিকারী। কাব্য, উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, স্মৃতি কথা,সম্পাদিত গ্রন্থ--সব মিলিয়ে চল্লিশেরও অধিক গ্রন্থ তাঁর। দুই বাংলা মিলিয়ে (বাংলাদেশ পরিষদ পুরস্কার, শহীদ বুদ্ধিজীবী পদক, জাতীয় কবিতা পরিষদ সম্মাননা,বরিশাল, বনলতা সেন সম্মাননা,মহাদিগন্ত পুরস্কার, বনানী পুরস্কার প্রভৃতি) এমন অসংখ্য পুরস্কারে সম্মানিত কবি মাহমুদ কামাল। প্রকাশিত কাব্যগ্রন্থ:- পরকীয়া, বিরামচিহ্ন, দ্বিতীয় জীবন, নির্বাচিত কবিতা, কাব্যসমগ্র ,সময় আসে যায় মাঝখানে সামান্য সময় প্রভৃতি। সম্পাদিত পত্রিকা 'অরণি'।
দুটি কবিতায়
কবি মাহমুদ কামাল
আপনার প্রিয় শব্দগুলো
যে হারায় সে কখনো বা বাড়ি ফিরে আসে
অনেকে ফেরে না।
ফিরবে না খলসে ও তিতপুটি
বারো হাজারের মতো বীজধান
যে নদীর যৌবন নেই
সেই নদী মরতে বসেছে
যে অদৃশ্য পুকুরে আজ ঘরবাড়ি
সে ভাবেই হারিয়ে ফেলেছি খোলা ময়দান
মৃত্যুর ভেতরে বসবাস
আলোকিত বনভুমিগুলো।
সে দিনের পিতৃসম ‘মধুর’ তৎসম
শ্রী মধুসূদন-
আপনার প্রিয় শব্দগুলো
কপোতাক্ষ নদের মতোই
হারাতে বসেছে।
যে হারায় সে কখনো বা বাড়ি ফিরে আসে
ইতিহাস হবে বলে অনেকে ফেরে না।
ভুলগুলো হেঁটে চলে যায়
ভুলগুলে হই-চই করে
সামাজিক কলা ও কৌশলে
ভুলগুলো মুখর শ্লোগানে
পরিশুদ্ধ অলৌকিক যানে
চেয়ে থাকে অবাক বিস্ময়ে
খানিকটা ভয়ে
একা একা কোটরে পালায়
ভুলগুলো অহংকারে হেঁটে চলে যায়।

Comments
Post a Comment