ক বি সু নে ন্দু পা ত্র
সুনেন্দু পাত্র
জন্ম:- সাগরদ্বীপের ধসপাড়া গ্রাম।বর্তমানে সোনারপুরে থাকেন। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশা-শিক্ষকতা।
প্রকাশিত কাব্যগ্রন্থ:- ১. কালপুরুষের ইস্তাহার ২. জলের বাড়ি। "কুয়াশার মন" নামে একটি সাহিত্য পত্রিকা অনিয়মিতভাবে সম্পাদনা করেন।পড়াশোনা ও কবিতালেখা ছাড়া আর অন্যকোনো শখ নেই এই তরুণ কবির।
দুটি কবিতায়
কবি সুনেন্দু পাত্র
তিনি চৈতন্য -০১
তখনও অ উ ম এর ভেতর ভেসে আছেন
চৈতন্য
অনন্ত ভেসে আছেন।
তার চারদিকে তখন কাক শকুনের ছায়া
ছোটো ছোটো পাণ্ডা সেবায়েত, আর কিছু
জলের আস্তরণ।
ত্যাগের আবরণ সরিয়ে সংসারের গভীরে
আবার ডুব দেবেন তিনি।
তুলে আনবেন কচি অশ্বত্থ পাতার মতো
একমুঠো প্রেম
আমরা তাকিয়ে রইলাম।
পুরীর সারা আকাশে তখন চৈতন্যের আলো
বাতাসে চৈতন্যের রঙ।
মাটির ওপর ফোঁটা ফোঁটা রক্ত।
তিনি হাসছেন, আর জলের সমূহ প্রস্তাব মেনে
আমরা ডুবে যাচ্ছি চৈতন্যের ভেতর।
তিনি চৈতন্য -১৬
সান্ধ্যকালীন আভায় জেগে উঠছে গেরুয়া।
হাতে তার একগুচ্ছ বৃদ্ধ পাতা
পাতার ওপর ফোঁটা ফোঁটা অশ্রু
তা দিয়ে জগৎ গড়বেন তিনি
অস্থিচর্মসার বায়ুর জগৎ
গুন্ডিচার জগৎ, গর্ভগৃহের জগৎ।
এরাই এ জন্মের শেষ সঙ্গী, রাত্রিকালীন নিদ্রাস্থল।
আমরা খুবই একা
পুণ্যের উদ্দেশ্যে আশ্রয় নিয়েছি সেই বৃক্ষে
সংকীর্তনে সহমরণে।


দাদা,ভালো লাগলো।
ReplyDelete