ক বি -অ নু বা দ ক সুপ্ত শ্রী সোম
সুপ্ত শ্রী সোম
কবি, অনুবাদক ও গল্পকার। ২০২০ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'দহনান্ত' ও ২০২২ সালে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'অন্য বিষাদে' প্রকাশিত হয়েছে। অনুবাদ করেন মূলত: ইংরেজি থেকে বাংলায় এবং হিন্দী থেকে বাংলায়। গল্প ও লেখেন। বেশ কয়েকটি প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায়। এক বছর ধরে একটি ওয়েব জিন এ কলাম লিখেছেন।
হিন্দি ভাষার বিশিষ্ট কবি কেদার নাথ সিং-এর কবিতার অনুবাদে কবি-অনুবাদক সুপ্ত শ্রী সোম
কেদার নাথ সিংহ ,হিন্দি সাহিত্যের একজন সুবিখ্যাত কবি। এছাড়াও তিনি বিখ্যাত সমালোচক ও প্রাবন্ধিক। ৭ই জুলাই ১৯৩৪ সালে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯১৮ সালের ১৯শে মার্চ প্রয়াত হন। তিনি জওহর লাল নেহরু বিশ্ব বিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং হিন্দী বিভাগের প্রধান ছিলেন। 'অকাল মেঁ সারস'- কাব্যের জন্য কবি কেদার নাথ সিংহ ১৯৮৯ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান এবং ২০১৩ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান।
কেদার নাথ সিংহের কবিতা•••
मूल कविता : मातृभाषा
অনুবাদ : মাতৃভাষা
যেভাবে পিঁপড়েরা গর্তে ফেরে
কাঠঠোকরা ফেরে কাঠের কাছে
লাল আকাশে ডানা মেলে দেওয়া
উড়োজাহাজ গুলো
বিমানবন্দরের দিকে ফেরে
একের পর এক-
সেভাবেই হে আমার মাতৃভাষা !
যখন চুপ করে থাকতে থাকতে
আটকে যায় আমার জিভ,আর
দম বন্ধ হয়ে আসে আমার আত্মার,
আমি ফিরে আসি তোমার কাছে।
मूल कविता : आंसू का वजन
অনুবাদ : অশ্রুর ভার
কত লাখ লাখ বিদীর্ণ করা চিৎকার
কত কোটি কোটি বিলাপ ও কান্নার পরে l
কোন একটা চোখ থেকে ঝরে পড়া
একটি বিন্দুর নাম হলো অশ্রু
কে বলবে সেই বিন্দুটির থেকে অশ্রু কতো ভারি?
मूल कविता : हाथ
অনুবাদ : হাত
ওর হাত আমার হাতের মধ্যে
নিতে নিতে আমি ভাবলাম
হাতের মতো নরম,গরম আর
সুন্দর হওয়া উচিত এই পৃথিবীর।
मूल कबिता : जूते
অনুবাদ : জুতো
সভা শেষ
পড়ে থাকলো জুতো একজোড়া
দুটো বিস্মিত আর দুঃখী
ধুলো মাখা জুতো
মুখ বুঁজে পড়ে থাকা
দুটো জুতো
যাদের কোন ওয়ারিশ নেই।
চৌকিদার আসলো
জুতো গুলোকে দেখলো
তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো-
চুপকরে থাকা জুতো গুলোর সামনে
ভাবতে লাগলো
কি আশ্চর্য
কত সময় চলে গেলো ,
আর সমস্ত তর্কের পরেও
রয়ে গেলো জুতো দুটো
ওই সাম্প্রতিক অবস্থায়
যেখানে বলার মতো আর
কিছু ছিলোনা
কত কিছু, কত কিছু
বলে গেলো দুটো জুতো।


Comments
Post a Comment